স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হয় আমি থাকব, না হয় দুর্নীতি থাকবে। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকার আপসহীন অবস্থানে রয়েছে। রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে গতকাল শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর অনিয়ম, ঘুষ, কমিশনবাণিজ্য এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিতে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে জবাবদিহি বাড়ানো, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন। পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান। তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।