ওষুধ সংকটে বিপাকে রোগীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধসহ গুরুত্বপূর্ণ কয়েক ধরনের ওষুধের সংকট দেখা দিয়েছে। প্রসূতি মায়েদের চিকিৎসায় প্রয়োজনীয় ইনজেকশন এবং জরুরি চিকিৎসায় ব্যবহৃত কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ইনজেকশনেরও সংকটে রয়েছে। ফলে প্রেসক্রিপশনের সব ওষুধ হাসপাতাল থেকে না পেয়ে রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।

হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম, মরিয়ম আক্তার, আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন, রওশনারাসহ কয়েকজন রোগী জানান, প্রেসক্রিপশনের কিছু ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হলেও বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তাদের দাবি, আগে প্রেসক্রিপশনের প্রায় সব ওষুধই হাসপাতাল থেকে পাওয়া যেত। কিন্তু এখন ওষুধের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মজুদ না থাকা বা সংকটে থাকা ওষুধের মধ্যে রয়েছে মেটফরমিন, সেফট্রিয়াক্সোন, ক্যালসিয়াম, প্যান্টোপ্রাজল, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, পেথিডিন, ইন্দোমেথাসিন, সেফটাজিডিম, ক্লক্সাসিলিন ও মেবেনডাজলসহ বেশ কিছু ওষুধ। এর মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত ব্যবহারের ওষুধের পাশাপাশি জরুরি চিকিৎসা, অ্যান্টিবায়োটিক ও ইনজেকশনেরও সংকট রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নতুন করে চাহিদা দেওয়া হবে। তবে কবে নাগাদ সংকটের ওষুধগুলো পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের সরবরাহ পাওয়া যায়নি। এর মধ্যে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, জরুরি চিকিৎসা, অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন রয়েছে। কিছু ওষুধ অন্য উৎস থেকে পাওয়া গেলেও সেগুলোর মজুদও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ওষুধের সংকটের আরেকটি কারণ হিসেবে রোগীদের অতিরিক্ত ওষুধ নেওয়ার প্রবণতার কথাও জানান তিনি।

ডা. আলতাফ হোসেন আরও বলেন, কিছু রোগী বারবার হাসপাতালে এসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওষুধ নিয়ে যান। এতে পরবর্তী সময়ে অন্য রোগীদের জন্য ওষুধের সংকট তৈরি হয়। তিনি রোগীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত ওষুধ নিয়ে বাড়িতে মজুদ করে রাখলে একজনের চাহিদা মেটালেও অন্য একজন রোগী প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হন। তাই প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী ওষুধ নেওয়া উচিত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত