ইরান সংঘাত যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করি না। ট্রাম্প যখন গত বৃহস্পতিবার নিজের অবস্থানের জানান দেন, সেদিনই হরমুজ প্রণালিতে আবারও যুক্তরাষ্ট্রের দুটি সামরিক নৌযানে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে ৩ বার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক নৌযানে হামলা করল আইআরজিসি। পাশাপাশি তেল, গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী বিদেশি জাহাজগুলোর ওপর আরোপিত ১০ শতাংশ পরিবহন শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে ইরান।
ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল শো’ অনুষ্ঠানের ওই সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, ‘মানুষ হিসেবে নিজের সিদ্ধান্ত নিয়ে একটু-আধটু ভেবে দেখা বা চিন্তা করা স্বাভাবিক। কিন্তু আমাকে যদি আবারও একই সিদ্ধান্ত নিতে হতো, আমি যা করেছি, ঠিক সেটিই করতাম। আমি তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্পের কিছু সমর্থক হতাশ ও মনোবল হারিয়েছেন, এমন ধারণাও নাকচ করে দেন তিনি। তার ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়টি নিয়ে তার সমর্থকরা গর্বিত। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, তারা হতাশ। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়টি নিয়ে তারা গর্বিত বলেই আমি মনে করি।’ গত বুধবারও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কংগ্রেসে তার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারণ করবে যে নির্বাচন, তেহরান সেটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন সামরিক নৌযানে হামলা করা হয়েছে। নৌযানগুলো সামুদ্রিক ড্রোন ছিল বলে ধারণা করা হচ্ছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন সেন্টার (ইউএকএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজে ওয়াশিংটনের দুটি নৌযানে অন্তত ৪টি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন আঘাত হেনেছে। এতে একটি নৌযানে আগুন ধরে গিয়েছে। অপরটির কী অবস্থা, তা এখনো জানা যায়নি। ইউকেএমটিও’র বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালির যে এলাকায় হামলা হয়েছে, সেখান থেকে ওমানের মুসান্দাম প্রদেশের রাজধানী আল খাসাবের উপকূলের দূরত্ব ৭ দশমিক ৪ কিলোমিটার।