দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া মড়কখোলা এলাকার ঐতিহ্যবাহী দীপ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে, ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টার দিকে আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক আক্তার বিলকিস জাহান শিরিনও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মুরাদ আহমেদ, সাংবাদিক সালেহ টিটু, অপূর্ব অপু, নিকুঞ্জ বালা পলাশ, মোফাজ্জল হোসেন, শেখ শামীম ও মুজিব ফয়সালসহ সাংবাদিকরা শ্রদ্ধা জানান।
এ ছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘পুলক চ্যাটার্জি ছিলেন একজন আদর্শ সাংবাদিক। বরিশালের সাংবাদিকতায় তার শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
বরিশালের সমকাল প্রতিনিধি সুমন চৌধুরী বলেন, ‘তিনি অফিসকে নিজের বাড়ির মতো ভালোবাসতেন। দীর্ঘদিন তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। কোনো দিন তার সঙ্গে রাগ-অভিমান হয়নি। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আগরপুর রোডে দৈনিক সমকাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলকের ঝুলন্ত মরদেহ