চট্টগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মজিবর মৃধা (৬১) বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে ৮ বছরের মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান তার মা। এ সময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন হালিশহর থানা পুলিশ। পরে ট্রাইব্যুনালে আসামির বিচার শুরু হয়।