সিডির বিক্রি বাড়ছেই, পুরনো প্রযুক্তিতে জেন-জির ঝোঁক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ এএম

একসময় গান শোনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল সিডি। পরে স্মার্টফোন, ইন্টারনেট ও অনলাইন স্ট্রিমিংয়ের দাপটে হারিয়ে যেতে বসে এই প্রযুক্তি। তবে ডিজিটাল জীবনের অতিরিক্ত ব্যস্ততা থেকে একটু দূরে থাকতে নতুন প্রজন্মের মধ্যে আবারও জনপ্রিয় হচ্ছে পুরনো প্রযুক্তি। এরই প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রের সিডির বাজারে।

রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ১ কোটি ৭৫ লাখ সিডি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিক্রি হয়েছিল প্রায় ১ কোটি ২০ লাখ সিডি। একই সময়ে সিডি বিক্রি থেকে আয় বেড়েছে ৫৮ দশমিক ৬ শতাংশ ১৭ কোটি ১১ লাখ ডলারে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতার পেছনে জেন-জি তরুণদের ভূমিকা রয়েছে। স্মার্টফোনের অবিরাম নোটিফিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যালগরিদমনির্ভর কনটেন্ট থেকে সাময়িক বিরতি পেতে অনেকেই ফিরছেন অপেক্ষাকৃত সরল প্রযুক্তিতে। ফিচার ফোন, ডিজিটাল ক্যামেরা, টাইপরাইটার ও ল্যান্ডলাইন ফোনের পাশাপাশি সিডি ও ভিনাইল রেকর্ডও হয়ে উঠছে আগ্রহের বিষয়। পুরনো প্রযুক্তির প্রতি এই আকর্ষণ যেন ডিজিটাল যুগে ফিরে পাওয়ার চেষ্টা করছে একটু ধীর, সরল জীবন।

সর্বশেষ সর্বাধিক পঠিত