বলিউডের মেধাবী কারিনা কাপুর খান। নিজের মেধাশক্তি দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই সুনাম কুড়িয়ে আসছেন ‘বেবো’খ্যাত এই অভিনেত্রী। এরই মধ্যে ক্যারিয়ারের ২৭ বছরে পা রেখেছেন তিনি। লম্বা এই সময়ে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন। সিনেমায় সাফল্যের পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসাও। ব্যক্তিগত জীবনেও একজন সফল গৃহিণী ও মা তিনি। যার দরুন সিনেমায় এখন অনেকটাই অনিয়মিত। এবার বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমায় নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন তিনি।
মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন কারিনা; যিনি আইনের সীমানা মেনে চলায় বিশ্বাসী। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা থ্রিলার সিনেমাটিতে জাঁদরেল পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। পুলিশের বর্বরতা, যৌন অপরাধ এবং আইনি কাঠামোর জটিলতা নিয়ে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ন্যায়বিচারের দুটি প্রধান বিপরীত আদর্শকে কেন্দ্র করে। অন্যদিকে, তার ঠিক বিপরীত মেরুর চরিত্রে দেখা গেছে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। তিনি এনকাউন্টার কিলিং এবং নিয়মের বাইরে গিয়ে তাৎক্ষণিক বিচারে বিশ্বাসী এক আক্রমণাত্মক পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। সেখানে অভিনয়ের প্রতি নিজের ভালোবাসা এবং পুরুষদের আবেগ প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সন্তানদের আবেগ প্রকাশে উৎসাহ দেওয়ার পাশাপাশি পুরুষদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কারিনা জানান, অভিনয়ের প্রতি তার আত্মবিশ্বাস ও ভালোবাসা দীর্ঘদিনের। তার মতে, অভিনয় তার রক্তে মিশে আছে এবং অভিনয় করার জন্যই যেন তার জন্ম। কাপুর পরিবারের সদস্য হওয়ার কারণে অভিনয়ে আসা নয়, বরং নিজের ভালোবাসা ও আগ্রহ থেকেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরিবারের অন্য সদস্যরা প্রযোজনা, পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করলেও অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে গভীর বলে মনে করেন কারিনা।