চিত্রনায়িকা পরীমনির নামের সঙ্গেই যেন মিশে রয়েছে বিশেষ এক ধরনের কৌতূহল। অনেকদিন ধরে যেমন নতুন কোনো কাজ নেই তার হাতে, তেমনি রুপালি পর্দাতেও নেই লম্বা সময়। মাঝে গত রোজার ঈদে তার বহুল প্রত্যাশিত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষে আর মুক্তি মেলেনি। তবে কাজ থাকুক কিংবা সিনেমাপ্রেমীদের কাছ থেকে দূরে থাকুক, নেটিজেনদের মধ্যে চর্চিত এক নাম পরী। বিভিন্ন ইস্যুতে বছরজুড়েই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন চমকের জন্ম দেন এই অভিনেত্রী।
তবে নতুন খবর হলো, দেরিতে হলেও এবার কাজে হাত দিয়েছেন তিনি। এরই মধ্যে ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিকশনের শুটিং শুরু করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই কাজটিতে পরীমনির বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। বিশেষ একটি চরিত্রে থাকছেন নায়ক নিরব। এর মাধ্যমে দেড় বছরের বেশি সময় পর ওটিটি দিয়ে পর্দায় ফিরছেন পরীমনি।
গতকাল রবিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলে ওয়েব ফিকশনটির শুটিং। এই ওয়েব ফিকশনে পরীমনিকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে ইমতিয়াজ বর্ষণের অভিনয়ও তৈরি করেছে নতুন জুটির কৌতূহল। তবে গল্প বা চরিত্র নিয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে ওয়েব ফিকশনটির শুটিং। কাজে প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি সত্যিই অনেক খুশি। দেশের মানুষ আমাকে ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাক্সক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’