অনলাইন প্রতারণা

৬৩ বিদেশির সাত দিনের রিমান্ড আবেদন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

এর আগে গত শুক্রবার নগরের খুলশী থানার কৃষ্ণড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলশি থানায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। তবে গ্রেপ্তারের সময় তাদের কারও কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের পাসপোর্ট যার কাছে জমা ছিল সেই ব্যক্তিকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মহসিন।

জানা গেছে, গ্রেপ্তার বিদেশিদের মধ্যে লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন রয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী। পুলিশের দাবি, প্রায় দেড় মাস ধরে ওই ভবনে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণাসহ অনলাইন অপরাধ চালিয়ে আসছিলেন তারা। তবে তারা কোন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন, সে তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত