আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট খারিজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে ১৬ মাস আগে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এটি স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আবেদনকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন নুরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুছ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘রিট আবেদনকারীরা আদালতকে বলেন, আবেদনটি যথাযথভাবে হয়নি। তারা শুনানি করবেন না। এমন পরিস্থিতিতে হাইকোর্ট আবেদনটি উত্থাপিত হয়নিÑ মর্মে খারিজের আদেশ দেন।’ 

গত বছরের ১২ মে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ এবং এর  অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করা হলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত