মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মিনি ঢাকাখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল রবিবারের এ অভিযানে ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচশর বেশি কর্মকর্তা অংশ নেয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানে আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়। কয়েক ঘণ্টার অভিযানে ১৮ থেকে ৬২ বছর বয়সী ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান, বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের আট, ইন্দোনেশিয়ার সাত, পাকিস্তানের সাত, ভারতের ছয়, চীনের তিন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকেরই বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি রয়েছে। তিনি আরও জানান, যথাযথ তদন্ত শেষে এবং আইনি ব্যবস্থার জন্য আটক ব্যক্তিদের ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত