হাইকোর্টে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮৭ হাজার ৫৯৬টি দেওয়ানি, ফৌজদারি ও অন্য মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ১১ হাজারের বেশি মামলা। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো, শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, হাইকোর্টে গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৯৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ হাজার ৭৩৯টি, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২ হাজার ২১১টি এবং শুধু আগস্ট মাসে ২০ হাজার ০৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে মামলা দায়ের হয়েছে যথাক্রমে ২২ হাজার ৯৯৯টি, ২৭ হাজার ৮০৩টি, ১০ হাজার ২৩২টি এবং ১৩ হাজার ৫৭৩টি।

মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসের (জানুয়ারি-আগস্ট) নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা বিগত পাঁচ বছরের (২০২১-২০২৫) যেকোনো পূর্ণ বছরের নিষ্পত্তিকৃত মামলার তুলনায় বেশি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৫৯ হাজার ২৫৬টি। প্রথম আট মাসে দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় ৩১ আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে। অর্থাৎ বছরের প্রথম আট মাসে বিচারাধীন মামলা কমেছে ১২ হাজার ৯৮০টি।

অন্যদিকে আপিল বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে এ সময়ে দায়েরকৃত মামলার তুলনায় ১ হাজার ৯৯৭টি মামলা বেশি নিষ্পত্তি হয়েছে। পাঁচ বছরে গড়ে প্রায় ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর বিপরীতে, ২০২৬ সালের প্রথম আট মাসেই ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগে নিয়মিত মৃত্যুদ-াদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত বেঞ্চের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদ-াদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছরের জুন মাসে হাইকোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। বিশেষ বেঞ্চ গঠনের পর এ পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত