জেলার পাকুন্দিয়া উপজেলায় মাদকের টাকার জন্য মাকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামের ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে তাৎক্ষণিকভাবে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি মাদকের টাকার জন্য নিজের মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া এগিয়ে এসে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিত-া ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হৃদয় মিয়া ছুরি দিয়ে ছোট ভাই গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত গেন্দু মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন।