দুর্বৃত্তদের হামলায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক চা দোকানি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের কাশিয়ানী উপজেলাধীন মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবি আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন, একই এলাকার মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানা যায়, রবি তার দোকান বন্ধ করে একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।