মঞ্চে ফিরে কেঁদেই ফেললেন সেলিন ডিওন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

বিরল রোগে আক্রান্ত হয়ে কণ্ঠস্বর এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। চেষ্টা করেও গান গাইতে পারতেন না। ‘টাইটানিক’খ্যাত গায়িকা সেলিন ডিওনও বলেছিলেন, আর হয়ত গান গাইতে দেখা যাবে না তাকে। কিন্ত কিছুদিন আগে চিকিৎসা ও চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। এক পর্যায়ে গান গাওয়ার শক্তিও ফিরে পান তিনি।  এরপর থেকে টুকটাক গাইতে শুরু করেন সিনিয়র এই সংগীতশিল্পী। 

প্রায় ছয় বছর পর এবার প্যারিসের মঞ্চে পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফিরে আবেগ ধরে রাখতে পারলেন না কানাডিয়ান সংগীতশিল্পী সেলিন ডিওন। ধরে রাখতে পারলেন না চোখের জলও। শত শত শ্রোতাদের সামনে কেঁদেই ফেললেন  তিনি। তবে দর্শককে বিনোদন দিতে বিরত থাকেননি, বরং চোখের পানি মুছতে মুছতেই শুরু করেন গান ও তার সঙ্গে চিরচেনা নাচ। 

২০২২ সালে সেলিন ডিওন জানিয়েছিলেন, তিনি বিরল স্নায়ুরোগ ‘স্টিফ পারসন সিনড্রোমে’ আক্রান্ত। এ রোগের কারণে তার শরীরে পেশির খিঁচুনি ও শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ফলে গান গাওয়াসহ স্বাভাবিক কর্মকাণ্ডও কঠিন হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও থেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাকে। নিজের অসুস্থতার বিষয়টি কখনোই আড়াল করেননি সেলিন ডিওন। বরং কঠিন সময়ের লড়াইকে তিনি পরিণত করেছেন অনুপ্রেরণার গল্পে। কনসার্টে ‘অল বাই মাইসেলফ’, ‘দ্য পাওয়ার অব লাভ’ এবং ‘মাই হার্ট উইল গো অন’-এর মতো জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। প্রতিটি গানেই দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। 

কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শকের ভাষ্য, পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আবেগঘন। দীর্ঘ অসুস্থতার পর সেলিনের এমন প্রত্যাবর্তন তাদের জন্য ছিল বিশেষ এক মুহূর্ত। তার লড়াই ও মঞ্চে ফেরার দৃশ্য দর্শকদেরও নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত