'এ বছর আমিই ব্যালন ডি'অরের যোগ্য,' দাবি ইয়ামালের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
আসন্ন ব্যালন দ’র জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকেই নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। তবে বর্ষসেরা এই ব্যক্তিগত পুরস্কারের দাবিদার হিসেবে ফরাসি ফরোয়ার্ডের চেয়ে নিজেকেই এক ধাপ এগিয়ে রাখছেন ১৯ বছর বয়সী এই তরুণ। তার মতে, বার্সেলোনার হয়ে লা লিগা জয় এবং স্পেনের জার্সিতে বিশ্বকাপ জয়ের সুবাদেই এই মর্যাদাকর পুরস্কারটি তার হাতেই ওঠা উচিত।
 
আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ইয়ামাল-এমবাপ্পে ছাড়াও লিওনেল মেসি, রদ্রি, হ্যারি কেইনরা আছেন ব্যালন ডি'অরের প্রাথমিক ৩০ জনের তালিকায়। মুভিপাস্ট প্লাসের এক ভিডিও সাক্ষাৎকারে ইয়ামাল নিজের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। 
 
তিনি বলেন, “আমি সত্যি বিশ্বাস করি যে, আমরা দুজনই এখন বিশ্বের সেরা। তবে আমি যা জিতেছি, সেসবের জন্য এ বছর আমিই এর যোগ্য। এমবাপে এবং আমিই যে বর্তমানে বিশ্বের সেরা দুজন—এটা আমার কাছে এবং যারা নিয়মিত খেলা দেখেন, তাদের সবার কাছেই একদম পরিষ্কার।”
 
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা ইয়ামাল গতকাল লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলের জয়ে দুর্দান্ত এক জোড়া গোল করেছেন। এই জোড়া গোলের সুবাদে চলতি মৌসুমে মাত্র ৬ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়াল ৭টিতে। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ে লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও স্পেনের সবকটি ম্যাচে অংশ নিয়ে দেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল।
 
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের মৌসুমটি ট্রফিহীন কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট। এমনকি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ফরাসি তারকা।
 
ব্যালন দ’র প্রসঙ্গে এমবাপে এর আগে যুক্তি দেখিয়েছিলেন যে, দলীয় ট্রফির পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য ও বড় আসরের পারফরম্যান্সের ওজনও অনেক বেশি। গত বছর এই পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে, যেখানে ইয়ামাল হয়েছিলেন দ্বিতীয় এবং এমবাপে তৃতীয়।
সর্বশেষ সর্বাধিক পঠিত