ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর উত্তরার জাইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, উপদেষ্টা মনিরুল ইসলাম ও মাসুদুর রহমান, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সামছুল ইসলাম খোকন ও সৈয়দ মোবাশ্বের হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আশফাকুর রহমান শরিফ ও দিলোয়ার হোসেন মুন্না এবং কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ কমার্শিয়াল অফিসাররা সভায় অংশ নেন।

সভায় অ্যাসোসিয়েশনের গত বছরের সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে বার্ষিক মিলনমেলা-২০২৭ আয়োজন, অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের আসন্ন নির্বাচন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত সদস্যরা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, সদস্যদের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যে তাঁরা সব সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত