যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তার দেশ ইরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা বা চুক্তিতে বসার বিষয়ে উন্মুক্ত রয়েছে এবং তেহরান অত্যন্ত দ্রুত একটি সমঝোতা করতে চাইছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে কি না, সে সিদ্ধান্ত তিনিই নেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প লিখেছেন, ‘ব্যর্থ রাষ্ট্র ইরান দ্রুত ও মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে কি না, আমি সিদ্ধান্ত নেব; যদিও এ ধারণার বিষয়ে আমরা উন্মুক্ত।’
চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। তবে হরমুজ প্রণালির পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে আগের উদ্যোগগুলোর বাস্তবায়ন আটকে যায়।
জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা হয়েছিল। পরে হরমুজ প্রণালি নিয়ে মতপার্থক্যের জেরে এর বাস্তবায়ন স্থবির হয়ে পড়ে।
এরপর আগস্টে ইরানে আবারও সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান।
ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য তার আগের অবস্থান থেকে ভিন্ন। এর আগে তিনি বারবার বলে আসছিলেন, তেহরানের সঙ্গে আলোচনার চেয়ে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগেই বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
তবে এবার ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার সম্ভাবনা উন্মুক্ত রয়েছে। ফলে চলমান সংঘাতের মধ্যেই ওয়াশিংটন-তেহরান আলোচনার নতুন পথ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।