নাট্যনির্মাতা সজীবের অকাল প্রস্থান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

অকালেই ঝরে গেলেন তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় না ফেরার দেশে চলে যান তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সজীবের ঘনিষ্ঠ বন্ধু কথা সাহিত্যিক শফিক রিয়ান জানিয়েছেন, বছরের শুরু থেকেই হার্টের অসুখে ভুগছিলেন সজীব। মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। গত সোমবার রাতেও তারা এক সঙ্গে ছিলেন, আড্ডা দিয়েছেন বলেও জানান তিনি। 

সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সজীবের একটি ছবি শেয়ার করে অপূর্ব লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’ 

এই সময়ের নির্মাতাদের মধ্যে অন্যতম নাম ছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই নিজের নাটকের গল্প লিখতেন এবং পরিচালনা করতেন। চমৎকার নির্মাণশৈলী ও গল্প বলার ঢঙের জন্য কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত