কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৪টা ২০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিওপাড়া এলাকার বাসিন্দা। তার ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।
স্থানীয় জেলে সমিতির সভাপতি জহিদ জানান, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেন। জেলেরা ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ইদ্রিসের পায়ে গুলি লাগে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে এক জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’