ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার আর্শিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোহাম্মদপুরে মাছ বিক্রি করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের চাচাতো ভাই আক্তার হোসেন জানান, দুপুরে ফরহাদসহ তিনজন আর্শিনগরের একটি সেলুনে যান। সেখানে ফরহাদ চুল কাটাতে বসেন। এ সময় আক্তারসহ অন্য দুজন একটি কাজে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে সেলুনের সামনে রাস্তায় ফরহাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আক্তার।
পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে ফরহাদকে মৃত ঘোষণা করেন।
আক্তারের অভিযোগ, স্থানীয় সাব্বির, সোহেল, আরমান, কাল্লু, রানা, রমিজসহ আরও কয়েকজন ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। তাদের সঙ্গে ফরহাদের পূর্বশত্রুতা ছিল। বিভিন্ন সময় তারা ফরহাদের কাছে চাঁদা দাবি করত বলেও অভিযোগ করেন তিনি।
ফরহাদের বাবার নাম মো. বাবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার দুলারহাট এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।