উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান।
এ সময় মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির নির্বাহী প্রধান দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহের কথাও জানানো হয়।
শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষায় মালয়েশিয়ার অগ্রগতির প্রশংসা করে বলেন, দেশটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছা ও উদ্দীপনা রয়েছে বলেও তিনি জানান।
তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলামসহ কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশে অ্যাক্রেডিটেশন কার্যক্রম ত্বরান্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।