উপহারের বাসে বেগম জিয়ার নাম ফেরাতে উপাচার্যকে স্মারকলিপি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া বাস দুটি থেকে মুছে দেওয়া নাম ফেরাতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের সহসভাপতি কে ইসলাম ফাহিমের এই স্মারকলিপি প্রদান করা হয়। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিসে এই স্মারকলিপি দেন কে ইসলাম ফাহিম।

স্মারক লিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক উন্নয়নের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুটি বাস উপহার হিসেবে প্রদান করেছিলেন। বাস দুটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহায়তায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাস দুটি থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলা হয়।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রলীগের রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে শাখা ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিম বলেন, দেশনেত্রীর নাম মুছে ফেলা কেবল রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং তার এই মহৎ দান ও স্মৃতিকে চরম অপমানের সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা, দেশনেত্রীর অবদান স্মরণ এবং ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে উপহারকৃত বাসে দ্রুত বেগম খালেদা জিয়ার নাম পুনরায় স্থাপন করা এখন সময়ের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয়, চবি ছাত্রদল নেতা মো রবিন, সহ সাধারণ সম্পাদক ইখুয়ান হোসেন আশিক, সহ সাধারণ সম্পাদক  মাশরাফি আমিন তায়েফ, সহ সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম তানসেন, ছাত্রদল নেতা উজায়ের, শাওন, রুম্মান আলম খান রাতুল, ইয়াছিন আরাফাত, মো. নুর হাবিব লুসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত