কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার গর্ভে থাকা ৯ মাসের অনাগত শিশুটিকেও বাঁচানো সম্ভব হয়নি।
 
মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম নূর জাহান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম জোবায়ের হোসেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে। দেড় বছর আগে তাদের বিয়ে হয়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, আগামী মাসে নূর জাহানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার তার সামান্য জ্বর আসে। পরবর্তীতে নানা শারীরিক জটিলতা দেখা দিলে তাকে প্রথমে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। তবে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
 
নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, ‘আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়। একই সঙ্গে আমাদের অনাগত সন্তানকেও হারালাম।’
 
এদিকে কলেজ শিক্ষার্থীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের শিক্ষকেরা।
 
এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন কার্যক্রমেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তার এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। 
 
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, শিক্ষার্থীর এমন অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সর্বশেষ সর্বাধিক পঠিত