যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন সুলিভান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠ মাতানো এই কিশোর ফুটবলার সম্প্রতি নিজের চোখধাঁধানো পারফরম্যান্সের সুবাদে নজর কেড়েছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোর।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর একটি প্রতিবেদনের সূত্র জানিয়েছে, আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচের জন্য আজ দল ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। সেখানেই ডাক পেতে চলেছেন সুলিভান। 

ইএসপিএনের সূত্র আরও নিশ্চিত করেছে যে, শুধু সুলিভান একা নন; তার সঙ্গে আরও বেশ কয়েকজন তরুণ ফুটবলার প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন। ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার জেভিয়ার গোজো, বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাথিস অ্যালবার্ট এবং নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের দুই তরুণ পেটন মিলার ও ব্রুকলিন রেইনসকেও এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্কোয়াডে বড় একটা ধাক্কাও রয়েছে; বিশ্বকাপের পর থেকে পায়ের ইনজুরির কারণে পুরোপুরি ফিট না থাকায় এই ক্যাম্পের দলে রাখা হয়নি দেশটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে।

মাঠে নামলেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ইতিহাসের অন্যতম সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখাবেন সুলিভান। এর আগে এমএলএসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ফ্রেডি আদুর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখা এই তরুণকে নিয়ে ইউরোপের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গেও চুক্তি রয়েছে, যেখানে ১৮ বছর বয়স পূর্ণ হলেই পাড়ি জমানোর কথা রয়েছে তার। 

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন কাভান। এমএলএসের বিরতির পর খেলা মাঠে গড়ার পর থেকে এক প্রকার রেকর্ডের ঝড় তুলেছেন তিনি। লিগের শেষ সাত ম্যাচের প্রতিটিতেই গোল বা অ্যাসিস্টের সঙ্গে যুক্ত থেকে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ৯টি গোল ও ১৫টি অ্যাসিস্ট নিজের নামের পাশে যোগ করেছেন। সবশেষ সান ডিয়েগো এফসির বিপক্ষে দলের ৫-০ গোলের বিশাল জয়ে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ আবারও দিয়েছেন তিনি।

জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে চলতি মাসের শুরুতে 'গোল ডটকম'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, ‘আমি খুব বেশি ফোকাস করছি না। অবশ্যই এটি একটি লক্ষ্য, এবং ডাক পেলে দারুণ হবে... আমি কেবল উন্নতি করতে, প্রতি সপ্তাহে আরও ভালো করতে ফোকাস করছি। আমি জানি আমার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই সবার নজর থাকে, তাই আমাকে এই সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহান্তে ভালো খেলা চালিয়ে যেতে হবে।’ 

নিজের দলভুক্তি প্রসঙ্গে তিনি আরও যোগ করে বলেন, ‘যখন স্কোয়াড ঘোষণা করা হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে দারুণ। যদি তা না হয়, তবে আমার তরফ থেকে কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।’

আগামী ২৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আন্তর্জাতিক মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। 

সর্বশেষ সর্বাধিক পঠিত