চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় অভিযুক্ত চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমা’র আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে শুনানি শেষে উক্ত আদেশ দেন বিচারক।
আসামিরা হলেন-ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার আবু ছালেক (৪৫), দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. হোসাইন চৌধুরী (৪২), দক্ষিণ পাইন্দং এলাকার মো. সেনাউল করিম (৪০) এবং লেলাং এলাকার আবু তাহের মুহুরী (৪৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুদ অর রশিদ চৌধুরীর বসতবাড়িতে প্রবেশ করেন। প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করে জখম করেন। আসামিরা মাসুদসহ পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে বাড়ির গেটের দেওয়াল, গেটের তালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন। আসামিরা রশিদ চৌধুরীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।