জলবায়ু ন্যায়বিচার-নবায়নযোগ্য জ্বালানির দাবিতে কলাপাড়াবাসী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর কলাপাড়াবাসী।

পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ-৩১-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা। 

এসময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং জনগণের জন্য দ্রুত, ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তর বাস্তবায়ন করতে হবে।

কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে তারা বলেন, কলাপাড়ার কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে থাকা খালি জায়গাগুলোতে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু একন সময়ের দাবি।

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে বক্তারা বলেন,কয়লা দূষণ বন্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকারসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবেশ দূষণ রোধে কয়লার ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবিদরা। 

মানববন্ধনে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ ও ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অনেকেই।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত