কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-রংপুর লংমার্চ সফল করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, লংমার্চে কোনো বাধা বা আঘাত এলেও প্রতিশোধের পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীকাল শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে এ লংমার্চ হওয়ার কথা রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না। আমাদের গায়ে আঘাত লাগলেও প্রতিশোধের চেয়ে লংমার্চ সফল করাকেই সার্থকতা মনে করব।’
তিনি বলেন, লংমার্চে কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। একই সঙ্গে নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
লংমার্চকে কেন্দ্র করে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন জামায়াতের এই নেতা। বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে সহস্রাধিক যানবাহন ও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ হতে পারে। এতে সড়কে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন কাজে কিছুটা ভোগান্তি হতে পারে। এ জন্য আগাম দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
এদিকে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।
চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পর এবার ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে গত কয়েক দিন ধরে জোটের নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। আগামীকাল সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ শুরুর পর সকাল ৮টায় লংমার্চের মূল যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।