নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশকে এমন একটি নেশার জালে জড়িয়ে ফেলা হয়েছে, যার কারণে মানুষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। শিশু-কিশোর ও তরুণদের মোবাইল আসক্তি, মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে বর্তমান সরকার খেলাধুলার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিক প্রশাসক।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৩টি ফুটসাল মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। শিশু-কিশোর ও যুবকদের মোবাইল আসক্তি, মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে সরিয়ে রাখাই এর অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯৬ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত পাসের হার দেখা যেত। শিক্ষকদের নির্দিষ্ট হারে শিক্ষার্থী পাস করানোর কথা বলা হতো। তবে এবার সেরকম হয়নি।
নারায়ণগঞ্জে সাভারের বিকেএসপির আদলে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের কথাও জানান নাসিক প্রশাসক। এ জন্য জায়গা খোঁজা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন। পাশাপাশি ওসমানী স্টেডিয়াম উন্নত করার কথাও জানান তিনি।
এলাকাবাসীর দাবির প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সংশ্লিষ্ট মাঠটি উন্নত করা হবে। খেলোয়াড়দের পক্ষ থেকে চাইনিজ গোলবারের যে দাবি জানানো হয়েছে, সেটিও করা হবে। অন্যান্য দাবিও পূরণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মাঠে যাতে পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। খেলোয়াড়রা যাতে মাঠে অবস্থান করতে পারেন, সে জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জকে খেলোয়াড় তৈরির উর্বর ভূমি উল্লেখ করে তিনি বলেন, আগে যারা খেলাধুলা করতেন, তারা পরিবারে নিগৃহীত হতেন। তবে বর্তমান সরকার চায়, খেলাধুলার মাধ্যমে তরুণরা যেন উন্নত জীবন গড়ে তুলতে পারে। সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্না, আশরাফ উদ্দিন চুন্নু, সালাউদ্দিন ও গাউসের মতো খেলোয়াড় তৈরির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহসভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ। বক্তব্য দেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।
পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, ইকবাল হোসেন, হাসানুর রহমান, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন টিপু, ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আসলাম মিয়াসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে ট্রাইবেকারে ১-০ গোলে হোয়াইট ইগলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক টাইগার্স। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমাম, সেরা গোলকিপারের পুরস্কার পান সায়েম এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন রাব্বি।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।