অপু বিশ্বাসের সিনেমার নায়ক পলাশ গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুটিং শেষে নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের খবর গতকাল শুক্রবার প্রকাশ্যে এসেছে। পলাশ বর্তমানে কারাগারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন তিনি। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পলাশ। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি। আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্য ধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত