বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: শফিকুর রহমান

 ‘আমাদের এই লংমার্চ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য।’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনো দলের দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলেন, কিন্তু সরকার সেটি বাস্তবায়ন না করে অপমান করেছে। তবে গণভোটের রায় এই বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে, এই বিএনপি সরকারই বাস্তবায়ন করতে বাধ্য হবে। বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের এই লংমার্চ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য, আমাদের এই লংমার্চ নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য।’

পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা।

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাজীপুরের পথ সভার চিত্র।

এর আগে, এ দিন সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। লংমার্চ যাত্রা শুরুর আগে উদ্বোধনী সমাবেশে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

উত্তরবঙ্গমুখী লংমার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ ছাড়া গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত