গোপালগঞ্জে দলিল লেখক সমিতির সমাবেশ, ৭ দফা দাবি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

গোপালগঞ্জে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করেছেন দলিল লেখক সমিতির নেতাকর্মীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। 

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম. এ. মান্নান। প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ সদর শাখা দলিল লেখক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক শেখ তোয়াবুর রহমান রাসেল।

সমাবেশে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পাঁচ উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সমাবেশে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, দলিল লেখকদের জন্য সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির দাবিও জানান তারা।

দলিল লেখক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এম. এ মান্নান বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা তাদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত