ভাগ্নেকে দিয়ে শিশু অপহরণ মামা-মামির, অবশেষে এসআরবি'র জালে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

চট্টগ্রাম নগরে প্রায় দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে এক কিশোর। পরে ওই শিশুকে কেনার অপেক্ষায় ছিলেন মামা-মামি। কিন্তু শেষ রক্ষা হয়নি। অপহরণের ৬ ঘণ্টার মধ্যে সাবিহা নূর নামের ওই শিশুকে নগরের চান্দগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু অপহরণে জড়িত ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা মামা-মামি হলেন-মোজাম্মেল হোসেন (৪১) ও দিলোআরা বেগম (৪০)।

অপহৃত শিশু সাবিহা নূর বোয়ালখালীর কধুরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। তার পরিবার চান্দগাঁও থানা এলাকায় বসবাস করেন।

এ সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৭ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে শিশুটিকে বসতঘর থেকে কৌশলে অপহরণ করা হয়। ঘটনার পর গতকাল শুক্রবার শিশুর বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী কিশোরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনের সংঘাতে জড়িত কিশোরের মামি দিলোআরা বেগম ও মামা মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অপহরণ করেছিল সে। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলোআরা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত