ক্রিকেট মাঠে নানা কারণেই খেলোয়াড়রা পড়েন চোটে। ফিল্ডিং তার মধ্যে অন্যতম বিভাগ। বলের পিছনে ছুটতে গিয়ে বা অনবদ্য কোনো ক্যাচ লুফে নিতে গিয়ে একাধিকবার চোটে পড়ার ঘটনার দেখা মিলেছে। তবে এবার মাঠের লড়াইয়ের বাইরে ক্যামেরার সামনে প্রমোশনাল শুটিংয়ের ফ্রেমে ডাইভ দিতে গিয়ে বড় এক বিপত্তির মুখে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
অকল্যান্ডে একটি বাণিজ্যিক প্রচারণার শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেওয়ার চেষ্টাকালে নিরাপত্তার জন্য পাতা ম্যাটের ওপর অদ্ভুতভাবে আছড়ে পড়েন তিনি। আর এই অপ্রত্যাশিত ও অদ্ভুত দুর্ঘটনায় তার ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সামনে যখন ভারতের বিপক্ষে দীর্ঘ ও কঠিন হোম সিরিজ কড়া নাড়ছে, ঠিক এমন সময়ে মাঠের বাইরের এক ঘটনায় এই অলরাউন্ডারের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। আগামী ২২ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য আগামী সপ্তাহেই দল ঘোষণা করার কথা রয়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনের সূত্রমতে, চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে বড় কোনো অভ্যন্তরীণ বা কাঠামোগত ক্ষতি না ধরা পড়লেও, তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা পুরোপুরি নির্ভর করছে তার পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহের অগ্রগতির ওপর।
এই দুর্ঘটনা প্রসঙ্গে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’
এছাড়া এই বাণিজ্যিক শুটিংয়ের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও পূর্বানুমতি ছিল উল্লেখ করে মাইক স্যান্ডল আরও যোগ করেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করব।’
সঙ্গে আগামী ছয় মাস টেস্ট ক্রিকেটের অত্যন্ত ব্যস্ত ও দীর্ঘ সূচি থাকায় রাচিনকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে নারাজ কিউই টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ রব ওয়াল্টার গণমাধ্যমে এই বিষয়ে বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’