চট্টগ্রাম নগরে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে থানার পেছনে রিকশা থামিয়ে যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেওয়া দুই ছিনতাইকারীকে শনাক্ত করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রাং সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, রিকশা থামিয়ে এক আরোহীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া দুই দৃর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।
এর আগে এ ঘটনার একটি ভিডিও আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে। ফেসবুকে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ জড়িতদের শনাক্তে দ্রুত মাঠে নামে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছুরি হাতে দুই ছিনতাইকারী। একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে একে একে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন তারা। তবে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করতে পারছিলেন না ছিনতাইকারীরা। একপর্যায়ে তা বের করতে ছুরি দিয়ে যাত্রীর পকেট কাটতে দেখা যায় ছিনতাইকারীদের একজনকে। তখন অপরজন যাত্রীর দিকে ছুরি ধরে ছিলেন। দুই ছিনতাইকারী ওই রিকশাযাত্রীর টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে জানা গেছে। ছিনতাইয়ের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের কয়েকজন বাসিন্দা চিৎকার করে উঠলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান তারা।