রাশিয়ার মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। খবর বিবিসির।
রবিবার (২০ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভোরোবিয়ভ জানান, রাতভর চালানো হামলায় ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সময় কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
মস্কো শহরে একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে রাজধানীর দুটি বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। ভোরোবিয়ভ জানান, সোফিনো এলাকায় একটি ড্রোন তিনতলা আবাসিক ভবনে আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
ওরেখোভো-জুয়েভো জেলায় একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাত হানলে এক বৃদ্ধ নিহত হন বলেও জানান গভর্নর।
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর একটি বুলেভার্ডের কাছে একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। একটি তেল শোধনাগারের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, মস্কোর দিকে আসা ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এটিকে তিনি ‘নজিরবিহীন হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মস্কো অঞ্চলের রাতের আকাশে বিস্ফোরণ এবং একটি জ্বলন্ত গুদামের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলার পর মস্কোর বৃহত্তম বিমানবন্দর শেরেমেতিয়েভোতে ‘সাময়িক বিধিনিষেধ’ আরোপের কথা জানানো হয়। ভনুকোভো বিমানবন্দরে সব আগমন ও বহির্গমন ফ্লাইটও বন্ধ রাখা হয়েছিল। রবিবার সকালে দুই বিমানবন্দরেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে সতর্ক করা হয়।
গত এক সপ্তাহে দুই দেশই জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, এ ধরনের হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা হয়েছে।