বাঞ্ছারামপুর-নবীনগর আঞ্চলিক মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

বহুল কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর-নবীনগর আঞ্চলিক মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর হয়ে নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ফলক উন্মোচন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, শত গুম-খুন ও নির্যাতনের মধ্য দিয়ে যে পটভূমি তৈরি হয়েছিল, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে তা সফল রূপ পেয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠন ও জনগণের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছাতে সরকার অঙ্গীকারবদ্ধ। সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। অতীতের রেখে যাওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে শিল্প ও কৃষির উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার নিরবচ্ছিন্ন কাজ করছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, এ প্রকল্পের মাধ্যমে  প্রায় ১ হাজার ১৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৫৭ কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা সড়ক নতুন অ্যালাইনমেন্টে কমে প্রায় সাড়ে ৩২ কিলোমিটারে নেমে আসবে। সড়কের প্রায় ১৩৫টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা হবে এবং বর্তমানের ১২ ফুট সরু সড়কটিকে ৩৪ ফুটের আধুনিক আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত