কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল,  সড়ক অবরোধ

চাহিদার তুলনায় কম সার দেওয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ, কয়েকটি স্থানে সাময়িক সড়ক অবরোধ। কৃষি বিভাগের দাবি, জেলায় সংকট নেই, বরং চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুত রয়েছে।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে জেলার কয়েকটি এলাকায় হট্টগোল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে স্বাভাবিকভাবে সার বিতরণ কার্যক্রম চালু রাখা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বিভিন্ন ডিলার পয়েন্টে শত শত কৃষকের দীর্ঘ লাইন দেখা যায়। চাহিদার তুলনায় কম সার দেওয়া এবং বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। একপর্যায়ে কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা সাময়িকভাবে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে অতিরিক্ত নজরদারির মধ্য দিয়ে আবারও সার বিতরণ শুরু করা হয়।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, তাঁর দুই বস্তা সারের প্রয়োজন হলেও পাচ্ছেন এক বস্তা। টাকা দিয়ে সার কিনতে গিয়েও এমন পরিস্থিতি হলে কীভাবে আবাদ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কৃষকদের দাবি, আমন মৌসুমে তাদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে ভোগান্তি ও বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটতে পারে।

তবে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলায় কোনো সারের সংকট নেই। চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুত রয়েছে। তাঁর দাবি, একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলার পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত