জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

‘মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত চলছে।’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় তাকে ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

এর আগে সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তাঁর লাশ পাওয়া যায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা মৃত্যুর খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে মরিয়মের মৃত্যু হয়ে থাকতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্তের স্বার্থে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় জিঙ্গাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত চলছে।

কিছুদিন আগে ফেসবুকে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণী মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন এমপি নজরুল। বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা হলে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত