জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। এতে তিনি সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
তার এমন পোস্টের পরপরই রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সেক্রেটারি সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্যে বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারাবিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জনগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।’
ফেসবুকে এই পোস্টের পরপরই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ছাত্রদল নেতার এমন ফেসবুক পোস্টের জেরেই তাকে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শোকজ নোটিশ পাঠানো হয়।
কেন্দ্রীয় সংসদের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে । এ কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমি সংগঠনের কাছে অনুগত। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দেব।’