দুর্গোৎসবে ইবনাত সালমা ও আকাশ সেনের ‘বাজে ঢোল’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

​আসন্ন শারদীয় দুর্গোৎসবকে আরও রঙিন ও আনন্দমুখর করতে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছে এপিটি মিডিয়া। এই পূজায় প্রতিষ্ঠানটির ব্যানারে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের কণ্ঠে নতুন মৌলিক গান ‘বাজে ঢোল’। গীতিকার রফিক মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। গানটির কথা ও সুরের মেলবন্ধন শ্রোতাদের মনে উৎসবের দোলা দেবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। 

​সম্প্রতি রাজধানীর একটি আধুনিক স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে ​গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, ‘দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। বাজে ঢোল গানটির কথা ও সুর একেবারে অন্যরকম। আকাশ সেনের সঙ্গে এটা আমি দ্বিতীয় গান করলাম, আশা করি শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।’ ​

 আকাশ সেন বলেন, ‘পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, বাজে ঢোল গানটি ঠিক তেমনই একটি জমজমাট গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি আমাদের দুজনের এই গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’​ জানা গেছে, খুব শিগগিরই এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে  মিউজিক ভিডিও প্রকাশিত হবে জানান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত