ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত সর্দার বাবুল মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই মাহবুবুল আলম ও এএসআই মো. রেজাউল করিমের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চম্পকনগর বাজার থেকে বাবুল ডাকাতকে গ্রেপ্তার করেন। বাবুল ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ১৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার এসআই মাহবুবুল আলম বলেন, ১৮ মামলার পলাতক ডাকাত সর্দার বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।