মিরসরাইয়ে ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ বোনের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ভাই খায়রুল বাশার শামীমের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, হামলা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন মোছা. শামিমা আক্তার নামের এক নারী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মোছা. শামিমা আক্তার ছাড়া আরও উপস্থিত ছিলেন তার বোন মল্লিকা বেগম ও ভাগনি লুৎফুন নাহারসহ পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিমা আক্তার বলেন, তাঁর বাবা মরহুম খায়েজ আহাম্মদ জীবদ্দশায় তাঁর ওয়ারিশি সম্পত্তি থেকে ১ একর ১৫ শতক জমি তাঁকে হেবা ঘোষণা করেন এবং দখল বুঝিয়ে দেন। স্বামীর বাড়ি থেকে ফিরে আসার পর তিনি বাবার দেখভালসহ তার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। বাবার মৃত্যুর আগে ভবিষ্যৎ জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে স্নেহের নিদর্শন হিসেবে ওই সম্পত্তি তাকে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

শামিমার দাবি, হেবা ঘোষণার পর তিনি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির নামজারি করে আসছেন এবং নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করছেন। জমিটি তার ভোগদখলেও ছিল। তবে কয়েক বছর ধরে তিনি সন্তানদের নিয়ে দেশের বাইরে অবস্থানের সুযোগে তার ভাই খায়রুল বশর প্রকাশ শাহজাহান ওই জমি জোরপূর্বক দখল করে ভোগ করছেন বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি নিজের সম্পত্তিতে গিয়ে দখল বুঝে নেওয়ার চেষ্টা করলে ভাই, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন শামিমা। এ ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

শামিমা আরও বলেন, পরবর্তীতে জানতে পারেন তার সম্পত্তিতে প্রবেশ ও যাতায়াত থেকে তাকে বিরত রাখতে তাঁর ভাইয়ের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার কার্যক্রমের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ ঘটনায় তিনি প্রশ্ন তোলেন, নামজারি ও সরকারি রাজস্ব পরিশোধের পাশাপাশি বাবার জীবদ্দশায় হেবা ঘোষণার মাধ্যমে পাওয়া সম্পত্তিতে তাকে কেন প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে আদালতের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে জানিয়ে শামিমা বলেন, আদালতের আদেশ ও আইনগত প্রক্রিয়ার প্রতি তার কোনো অসম্মান নেই। একই সঙ্গে মামলার প্রেক্ষাপট এবং তাঁর বক্তব্যও যথাযথভাবে বিবেচনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের কাছে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। পাশাপাশি জমির দলিলপত্র, নামজারি, সরকারি রাজস্ব পরিশোধের কাগজপত্র এবং হেবা ঘোষণার বিষয়গুলো যাচাই করার অনুরোধ করেন।

তিনি বলেন, কারও সঙ্গে বিরোধ বা সংঘাতে যেতে চান না। বাবার জীবদ্দশায় দেওয়া সম্পত্তির বিষয়ে ন্যায়সংগত অধিকার ও আইনগত প্রতিকারই তার প্রত্যাশা। নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে তার ভাই খায়রুল বাশার শামীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার মৃত্যুর সময় আমার বোন দেশে ছিলনা। মৃত্যুর পর সে দেশে এসে বাবার সমুদয় সম্পত্তি নিজের বলে দাবি করে। কিন্তু বাবার সম্পত্তিতে আমাদের হক রয়েছে। আমাদের অগোচরে প্রতারণার মাধ্যমে এ জায়গা লিখে নেয়া হয়েছে। আমি এ হেবার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। সমুদয় সম্পত্তির উপর বর্তমানে নিষেধাজ্ঞা বলবৎ আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত