জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে তাঁর দেশ নিজেদের অবস্থান 'দৃঢ়ভাবে তুলে ধরবে'। খবর আরব নিউজের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরান ছাড়ার আগে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, 'আমরা মাথা উঁচু করে বেরিয়ে এসেছি। এটি আমাদের সবার জন্য মর্যাদা ও গর্বের বিষয়। তাই আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা আমাদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরব।'
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে পৌঁছান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বার্ষিক সমাবেশে তেহরানের কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর আরাঘচিই যুক্তরাষ্ট্রে যাওয়া সর্বোচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তা।
নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচ্যসূচি নিয়ে মতবিনিময় করেন।
ইরানি সাংবাদিকদের আরাঘচি বলেন, 'আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।'
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানই দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে তাঁর যোগাযোগ দলের সদস্যসহ প্রতিনিধিদলের কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও খবর প্রকাশ করা হয়েছিল।