দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে কোনো ধরনের সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগের কথা বলছি না; তবে ঢাকা শহরের দু-একটি জায়গায় ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এ ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়ে সরকারের মধ্যে সংকট সৃষ্টি করা সম্ভব নয় বলে আমি মনে করি।’
তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পূর্ণ পাঁচ বছর তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে—এই বাস্তবতা মেনে নিয়ে রাজনৈতিক দলগুলোর রাজনীতি করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
উদাহরণ দিতে গিয়ে ভারতে হওয়া সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রসঙ্গ টানেন উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবেশী দেশে বড় বড় আন্দোলন কিংবা কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে রাজধানী দিল্লি অচল হয়ে পড়লেও কেউ সরকারের পদত্যাগ দাবি করেনি। বরং যেখানে সরকারের ব্যর্থতা রয়েছে, সে বিষয়ে চাপ সৃষ্টি করাই গঠনমূলক রাজনীতির পরিচয়।
সংবাদ সম্মেলনে সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।