মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে চারটি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ে উপকারভোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাঁশকান্দী ইউনিয়নের ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির (ভিডিএস) উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দের (২০২৫-২০২৬ অর্থবছর) দ্বিতীয় কিস্তির অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ছয়টি হতদরিদ্র পরিবারের মধ্যে চারটি গাভী বিতরণ করা হয়।
পাশাপাশি উপকারভোগীদের গাভীর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
গাভী পাওয়া উপকারভোগীরা হলেন বিলকিস আক্তার, খবির মিয়া, সেলিম ঢ়াড়ি ও আবুল কাসেম মাদবর।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেল্লাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণের আলোকে গাভীগুলোর যথাযথ পরিচর্যা করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এ.বি.এম. মাহবুব হোসেন বাদল বলেন, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।