ফের মা হচ্ছেন কিয়ারা, জানালেন সালমান খান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের পর এবার বলিউডের আরেক তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আতভানির সংসারেও নতুন অতিথি আসছে। বিগ বসের মঞ্চে খোদ সলমন খানের একটি কথা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা আদভানি। রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-র মঞ্চে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। তার আগামী ছবি ‘দ্য ভান’-এর প্রচারেই সেখানে গিয়েছিলেন তিনি। উপস্থাপক সালমান খানের সঙ্গে কথায় কথায় উঠে আসে সিদ্ধার্থর ব্যক্তিগত জীবনের নানা গল্প। বাবা হওয়ার অনুভূতি যে ঠিক কতটা সুন্দর, সেটাই সবার সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন অভিনেতা। তার মতে, পিতৃত্বের এই স্বাদ পৃথিবীর আর সব অভিজ্ঞতার চেয়ে একদম আলাদা এবং পবিত্র। নিজের সন্তানকে চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখাটা তার কাছে এক বিরাট আশীর্বাদ। সিদ্ধার্থ জানান, তার একরত্তি এখন আধো আধো গলায় একটু আধটু কথা বলার চেষ্টা করছে। আর স্বামী-স্ত্রী দু’জনে মিলে এই সময়টা দারুণ উপভোগ করছেন। 

সিদ্ধার্থের কথা শেষ হতে না হতেই সালমান খান হাসতে হাসতে বলেন, ‘দারুণ ব্যাপার। আশা করি, তোমার পরিবারে খুব তাড়াতাড়ি আরও এক নতুন সদস্য আসবে।’ সলমনের মুখে এই কথা শোনার পরেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, ভাইজান হয়তো মজার ছলে আসল সত্যিটাই ফাঁস করে দিয়েছেন। তাহলে কি সত্যিই কিয়ারা ফের মা হতে চলেছেন? এই প্রশ্নই এখন নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে। কথার ফাঁকে পুরনো দিনের স্মৃতিও মনে করিয়ে দিয়ে রসিকতার ছলে সালমান খান বলেন, একটা সময় তিনি নাকি সিদ্ধার্থকে বারবার বিয়ে করার জন্য জোর করতেন। তখন অবশ্য সিদ্ধার্থ লাজুক হেসে বিষয়টি এড়িয়ে যেতেন। এই প্রসঙ্গে অভিনেতার সাফ জবাব, নিজেদের সম্পর্কের বিষয়টা একেবারে গোপন রাখার সিদ্ধান্ত তারা দু’জনে মিলেই নিয়েছিলেন। ঠিক সময়েই তা প্রকাশ্যে আনা হয়েছে।

বলিউডের অন্যতম চর্চিত এবং মিষ্টি জুটি হলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাই দ্বিতীয় সন্তানের এই জল্পনা ছড়িয়ে পড়তেই অনুরাগী মহলে খুশির হাওয়া। যদিও তারকা জুটির তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবুও সালমান খানের মতো মেগাস্টার যখন স্বয়ং এমন ইঙ্গিত দিয়েছেন, তখন ভক্তদের বিশ্বাস, খুব শিগগিরই হয়তো বড় কোনও সুখবর আসতে চলেছে। আপাতত সেই অপেক্ষাতেই প্রহর গুনছে নেটপাড়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত