সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রপ্তানি বহুমুখীকরণ, গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি স্থাপন এবং আইসিটি খাতের উন্নয়নে তিনটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি।
চুক্তিগুলো হলো—‘রপ্তানি বহুমুখীকরণে সহায়তার জন্য ৩,০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম’, ‘গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপনে সহায়তার জন্য ১,০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য ১,০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম’।
সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনটি অংশগ্রহণ চুক্তির মূল উদ্দেশ্য হলো এমন একটি কার্যকর কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে সিটিজেনস ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা ব্যবহার করে অর্থনীতির অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান খাতে কার্যরত যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী ও লক্ষ্যভিত্তিক অর্থায়ন প্রদান করতে পারে।
চুক্তিগুলোর আওতায় সিটিজেনস ব্যাংক পিএলসি রপ্তানি বহুমুখীকরণ, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন, গ্রিন ফ্যাক্টরি স্থাপন এবং আইসিটি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে অর্থায়ন সহায়তা প্রদান করবে।