বিএমজেপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দলের মহাসচিব দিলীপ কুমার দাস দেশবাসী, দলের সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সমতাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দশ বছর আগে বিএমজেপির যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা বাধা-বিপত্তি অতিক্রম করে দলটি আরও শক্তিশালী হয়েছে এবং আদর্শের প্রতি অবিচল থাকার প্রেরণা পেয়েছে।

বার্তায় তিনি বলেন, দলের নিবন্ধন লাভ একটি ঐতিহাসিক অর্জন। এটি শুধু প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং দেশের সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য নিরলস প্রচেষ্টার প্রতি দেশবাসীর আস্থার প্রতিফলন। নিবন্ধনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গত দশ বছরে শুধু সংখ্যালঘুদের অধিকার নয়, বরং সবার জন্য ন্যায়বিচার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে বিএমজেপি। সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডলসহ সব কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহাসচিব বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও সমর্থনের কারণেই দলটি আজকের অবস্থানে পৌঁছেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নত, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত