বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ শীর্ষক দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়নঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী। তিনি বিজিএমইএর সভাপতির প্রতিনিধিত্ব করে অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম হংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মোহিউদ্দিন তাহের।

বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন চেংদু কিংগং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি পু বিংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গে ঝেনইউ।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল লেইজু কলেজ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর। চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিইউএফটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত